এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় মাঠে বসে বাংলাদেশের খেলা খুব কাছ থেকে দেখেছেন ভারতীয় দলের কোচ রাহুল ব্যানার্জী। বাংলাদেশের আর্চারদের পারফরম্যান্সে মুগ্ধ কলকাতার ছেলে।
এদিকে, আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ওই ম্যাচে খেলবেনন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলার সম্পর্কেও শুনেছেন রাহুল। তাই হামজার প্রশংসায় কার্পণ্য নেই তার।
২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বর্তমানে দলের সঙ্গে ঢাকায় অবস্থান করছেন রাহুল। বুধবার (১২ নভেম্বর) জাতীয় ফুটবল স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আর্চার ও ফুটবল নিয়ে কথা বলেন তিনি।
বাংলাদেশর আর্চার সম্পর্কে ভারত জাতীয় দলের সাবেক এই তারকা বলেন, “বাংলাদেশ আর্চারি দল আগের থেকে অনেক উন্নতি করেছে। বিশেষ করে কম্পাউন্ডে তারা খুব ভালো খেলছে। অথচ বাংলাদেশ আগে কখনও কম্পাউন্ডে এত শক্তিশালী দল ছিল না। এটা খুব ভালো দিক।”
ভারতীয় দলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “ভারতও ২০০৬ সাল থেকে কম্পাউন্ড শুরু করে। তবে আমরাও এত ভালো ছিলাম না। ২০১৯-২০ সালে এসে আমরা পদক জিততে শুরু করেছি। আমার মনে হয় বাংলাদেশের কোচিং ভালো হচ্ছে। ফ্যাসিলিটিজ আরও ভালো হলে আর নিশ্চয় বাংলাদেশ কম্পাউন্ডে আর ভালো করবে।”
এবারের আর্চারি চ্যাম্পিয়নশিপে সব দিক দিয়েই এগিয়ে রয়েছে ভারত। রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে তারা লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। কম্পাউন্ড পুরুষ দলগত ফাইনালে ভারতের প্রতিপক্ষ কাজাখস্থান। কম্পাউন্ড নারী দলগত ফাইনালে সোনার লড়াইয়ে ভারতের লড়াই হবে কোরিয়ার সঙ্গে। আর কম্পাউন্ড মিশ্র দলগত ফাইনালে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে লড়বে ভারত।
নিজের দলের এমন পারফরম্যান্সে খুশি রাহুল ব্যানার্জী বলেন, “এবার ভারত খুব ভালো পারফরম্যান্স করছে। আসরের অন্যতম কঠিন প্রতিপক্ষ ভারত। অবশ্যই সেরা দল। সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত কম্পাউন্ড পুরুষ দল বিশ্ব চ্যাম্পিয়ন। আমাদের অনেক আর্চার আছে যারা টপ র্যাঙ্কিংয়ে আছে। প্রথম দিন থেকেই আমাদের এটাই লক্ষ্য ছিল যে আমরা লড়াই করব মেডেলের জন্য। শুধু তাই নয় রিকার্ভ ও কম্পাউন্ড বাছাইয়ে সেরারা ভারতের। সব মিলিয়ে ফাইনাল স্কোরেও ভালো আমাদের আর্চার। ফাইনাল ম্যাচ কোরিয়ার সঙ্গে খুব ভালো লড়াই হবে। কারণ কোরিয়া খুব শক্তিশালী টিম। আজ অবদি যা প্রত্যাশা করেছি এর চেয়ে অনেক ভালো খেলছে ভারত।”
আগামী ১৮ নভেম্বর এই স্টেডিয়ামেই ভারত জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশের। আগে থেকেই নিজ দলের জন্য শুভ কামনা জানিয়ে রাহুল বলেন, “একজন ভারতীয় সমর্থক হিসেবে সব সময় চাই আমাদের টিম জিতুক। এটা ভালো গ্রাউন্ড হোক ভারতের জন্য। জেতা বা হারা খেলার অংশ। তবে ভারত জিতবে সেটা আশা করতেই পারি।”
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীরর প্রশংসা করে রাহুল বলেন, “হামজা চৌধুরী সম্পর্কে শুনেছি। সে খুব ভালো মানের ফুটবলার। হামজার উপস্থিতিতে দর্শকরা যেন ভালো ফুটবল ম্যাচ দেখতে পারে সেটাই আমার আশা।”