হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল আউয়াল (৬৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) তিনি মারা যান।

তাকে ঢামেকে নিয়ে আসা পথচারী সাগর জানান, হাতিরঝিলে রেড ক্রিসেন্ট এলাকার একটু সামনে রিক্সা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাচালক আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) সকালে তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত রিকশাচালক গাজীপুর জেলার শ্রীপুর থানার গারমি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল আমিন/এএমএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin