আলাদা হল নির্মাণের দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্খীরা। এ সময় তারা কাঁথা-বালিশ নিয়ে সড়কে অবস্থান নেন। তবে প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর আবারও হলে ফিরে যান শিক্ষার্থীরা।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় আবার ভূমিকম্প হওয়ার পর তারা সড়কে অবস্থান নেন।
জান গেছে, শুক্রবারের ভূমিকম্পে ক্যাম্পাসের লতিফ হল ক্ষতিগ্রস্ত হয়। এতে আতঙ্কিত রয়েছেন শিক্ষার্থীরা। পরে আজ শনিবার সকালে ও সন্ধ্যায় আবারও ভূমিকম্প হলে নতুন হল তৈরির দাবি করেন হলটির শিক্ষার্থীরা। এই দাবিতে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। আধা ঘণ্টার পর তারা সড়ক ছেড়ে আবারও হলে ফিরে যান। সড়কে অবস্থানের কারণে যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে আবারও যান চলাচল স্বাভাবিক হয়।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নতুন হল নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা সড়কে কাথা-বালিশ নিয়ে অবস্থান নিয়েছিল। আধাঘণ্টা পর তারা আবারও ফিরে গেছে। কোনেও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’