হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়লো উড়োজাহাজ, নিহতের শঙ্কা ২

হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়লো উড়োজাহাজ, নিহতের শঙ্কা ২

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি মালবাহী উড়োজাহাজ (কার্গো প্লেন) রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে। দুর্ঘটনায় অন্তত দুজনের প্রাণহানির আশঙ্কা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দুবাই থেকে ছেড়ে আসা উড়োজাহাজটি সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, উড়োজাহাজটি অবতরণের পর রানওয়ের পাশে থাকা একটি বাহনে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, এতে ওই বাহনের দুই আরোহী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

দুর্ঘটনার পর তোলা ছবিতে দেখা যায়, এয়ারএসি‌টি লিভারিযুক্ত একটি বোয়িং ৭৪৭ মালবাহী বিমান সাগরের পাড়ে আংশিকভাবে ডুবে আছে। উড়োজাহাজের সামনের ও পেছনের অংশ আলাদা হয়ে গেছে।

হংকংয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের পর উড়োজাহাজটি উত্তর রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে যায়। সে সময় দুজন স্থলকর্মী পানিতে পড়ে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিণতি নিশ্চিত করা যায়নি।

দুর্ঘটনার পর উত্তর রানওয়েটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলেও জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে দক্ষিণ ও কেন্দ্রীয় রানওয়ে আপাতত চালু থাকবে।

বিবৃতিতে ওই কর্মীদের উল্লেখ না থাকলেও বলা হয়েছে, উড়োজাহাজের চার আরোহীকে উদ্ধার করা হয়েছে।

এমিরেটস এয়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়, সোমবার তাদের ইকেই৯৭৮৮ ফ্লাইটটি হংকংয়ে অবতরণের সময় ক্ষতিগ্রস্ত হয়। তবে সব আরোহী নিরাপদে আছেন এবং বিমানে কোনও মালামাল ছিল না। এটি ছিল একটি বোয়িং ৭৪৭ মালবাহী বিমান, যা তুরস্কভিত্তিক এসি‌টি এয়ারলাইন্স থেকে ভাড়া নেওয়া হয়েছিল।

তুর্কি এয়ারলাইন্সটি সাধারণত বড় বিমান সংস্থাগুলোতে বাড়তি কার্গো বহনের সক্ষমতা রাখে। কর্মঘণ্টার বাইরে হওয়ায় যোগাযোগের চেষ্টা করে সাড়া পায়নি রয়টার্স।

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin