তাৎক্ষণিক বার্তা বা ছবি আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার দ্রুত বাড়ছে। বর্তমানে পরিবার–পরিজনের সঙ্গে আলাপ থেকে শুরু করে অফিসের বিভিন্ন কাজে নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকেই। তবে হোয়াটসঅ্যাপের চ্যাট ইন্টারফেসের ভিন্নতার কারণে ব্যস্ত কোনো গ্রুপে আলোচনায় প্রাসঙ্গিক জবাব খুঁজে পাওয়া প্রায়ই কঠিন হয়ে পড়ে। এই সমস্যা দূর করতে পরীক্ষামূলকভাবে ‘থ্রেডেড রিপ্লাই’ নামের নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, থ্রেডেড রিপ্লাই সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হলে হোয়াটসঅ্যাপে আলোচনার সময় নির্দিষ্ট একটি বার্তার বিপরীতে অন্যদের পাঠানো সব রিপ্লাই থ্রেড আকারে একসঙ্গে দেখা যাবে। এতে ব্যবহারকারীরা সহজেই আলোচনার ধারাবাহিকতা বুঝতে পারবেন। ফলে কাজে ব্যস্ত থাকলেও এক বা একাধিক গ্রুপের আলোচনার বিষয়বস্তু সহজে জানা যাবে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, থ্রেডেড রিপ্লাই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে নতুন বার্তাও যোগ করতে পারবেন। এসব রিপ্লাই ‘ফলো আপ রিপ্লাই’ নামে দেখা যাবে। যদিও এই ট্যাগ সবার কাছে দৃশ্যমান না–ও হতে পারে। থ্রেডেড রিপ্লাই সুবিধাটি বর্তমানে অ্যান্ড্রয়েড বেটা সংস্করণের সঙ্গে যুক্ত সীমিতসংখ্যক ব্যবহারকারীরা পরখ করতে পারছেন।
গ্রুপে দীর্ঘ সময় ধরে নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ায় প্রয়োজনীয় অনেক বার্তা চোখ এড়িয়ে যায় অনেকের। থ্রেডেড রিপ্লাই সেই বিভ্রান্তি দূর করতে সহায়ক হবে। আর তাই ব্যক্তিগত চ্যাটে থ্রেডেড রিপ্লাই সুবিধা তেমন জরুরি না হলেও গ্রুপ চ্যাটের জন্য বেশ কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: https://indianexpress.com/article/technology/tech-news-technology/whatsapp-new-feature-chat-thread-10247361/