গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে নিহত ও আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে জানানো হয়, এর মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং নুরুল হুদার পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তারা এ অর্থের চেক হস্তান্তর করেন।
এছাড়া চিকিৎসারত খন্দকার জান্নাতুল নাঈমকে দুই লাখ টাকা এবং মুহাম্মদ জয় হাসানকে এক লাখ টাকার আর্থিক সহযোগিতা দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তা নেভাতে গিয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী এবং কারখানার একজন কর্মী দগ্ধ হন।