হতাহত ফায়ার কর্মীদের পরিবারকে ১৩ লাখ টাকা সহায়তা

হতাহত ফায়ার কর্মীদের পরিবারকে ১৩ লাখ টাকা সহায়তা

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে নিহত ও আহত ফায়ার সার্ভিস কর্মীদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ এবং নুরুল হুদার পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা এ অর্থের চেক হস্তান্তর করেন।

এছাড়া চিকিৎসারত খন্দকার জান্নাতুল নাঈমকে (ওয়ার হাউজ ইন্সপেক্টর, ৪২ শতাংশ দগ্ধ) দুই লাখ টাকা এবং মুহাম্মদ জয় হাসানকে (ফায়ার ফাইটার, ৫ শতাংশ দগ্ধ) এক লাখ টাকার আর্থিক সহযোগিতা দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে চেক হস্তান্তর করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তা নেভাতে গিয়ে টঙ্গীর ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী এবং কারখানার একজন কর্মী দগ্ধ হন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের (বীরপ্রতীক) সঙ্গে বৃহস্পতিবার তার সচিবালয়ের দপ্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাক্ষাৎ করেন।

এ সময় তারা অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ দুর্যোগে করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা অগ্নিনির্বাপণকালে ফায়ার ফাইটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নিনিরোধক পোশাক ও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন। সার্বিকভাবে বাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের সহযোগিতার কথাও জানান ফারুক ই আজম।

আরএমএম/এএমএ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin