অধিনায়ক মিচেল মার্শের ঝড়ো ব্যাটিং আর জশ হ্যাজলউডের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে গেছে। ৫ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
শুক্রবার খেলাটা মেলবোর্নে হলেও স্টেডিয়ামে ছিল ভারতীয় দর্শকের আধিপত্য। অবস্থা এমন ছিল যে মাঠটাকে মনে হচ্ছিল অজিদের জন্য অ্যাওয়ে ম্যাচ! সেখানেই দর্শকদের স্তব্ধ করেছেন তারা। ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে অজি দল।
টস হেরে আগে ব্যাট করতে নামলেও সফরকারী ভারত গুটিয়ে যায় ১২৫ রানে। ভারতের ইনিংসে শুরুর দিকে ধস নামলেও ওপেনার অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ রানের ইনিংসে ভর করে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা। ষষ্ঠ উইকেটে অলরাউন্ডার হর্ষিত রানার সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন তিনি। হর্ষিত খেলেন ৩৩ বলে ৩৫ রানের ইনিংস। অভিষেকের ইনিংসে ছিল ৮টি চার ও দুটি ছয়। হর্ষিতের ইনিংসে ৩টি চার ও ১টি ছয়। এর আগে ৪৯ রানে তারা হারিয়ে বসেছিল পাঁচ উইকেট!
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে জশ হ্যাজলউড ছিলেন সেরা বোলার। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে ভারতের টপ অর্ডার ধসিয়ে দিকে ভূমিকা রাখেন তিনি। তাই ম্যাচসেরাও হ্যাজলউড। তাছাড়া নাথান এলিস ২১ রানে দুটি উইকেট। জাভিয়ের বারলেট ৩৯ রানে নেন দুটি। মার্কাস স্টয়নিস ২৪ রানে নিয়েছেন একটি উইকেট।
এরপর ব্যাট হাতে নেতৃত্ব দেন অধিনায়ক মার্শ। ২৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করতে মূল ভূমিকা তারই। উড়ন্ত সূচনায় শুরুর জুটিতে ট্রাভিস হেডকে নিয়ে যোগ করেন ৫১। হেড ১৫ বলে ২৮ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর দলকে এগিয়ে দিয়ে ৮৭ রানে ফেরেন মার্শ। নিয়মিত বিরতিতে টিম ডেভিড (১), জশ ইংলিস (২০), মিচেল ওয়েন (১৪) ও ম্যাথু শর্টের (০) উইকেট পড়লেও সেটা জয়ের পথে সমস্যা করেনি। স্বাগতিকরা ১৩.২ ওভারে জয় নিশ্চিত করে।
ভারতের হয়ে ২৩ রানে দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২৬ রানে দুটি নেন জসপ্রীত বুমরাও। ৪৫ রানে বাকি দুটি শিকার করেন কুলদীপ যাদব।