হ্যালোইনে কালো বিড়াল দত্তক নিষিদ্ধ স্প্যানিশ শহরে

হ্যালোইনে কালো বিড়াল দত্তক নিষিদ্ধ স্প্যানিশ শহরে

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়ার তেরাসা শহর হ্যালোইন উৎসবের সময়ে কালো বিড়াল দত্তক নেওয়া বা আশ্রয় দেওয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় প্রাণিকল্যাণ কর্তৃপক্ষের দাবি, এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ‘অশুভ আচার’ বা ক্ষতিকর ব্যবহারের আশঙ্কা থেকে।

৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত কোনও কালো বিড়াল দত্তক বা আশ্রয় দেওয়ার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে তেরাসার প্রাণিকল্যাণ বিভাগ। তাদের মতে, হ্যালোইনের আগে এমন অনুরোধ সাধারণ সময়ের তুলনায় বেড়ে যায়, যা প্রাণীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

শহরের উপমেয়র নোয়েল দুকুয়ি স্প্যানিশ সংবাদমাধ্যম আরটিভিইকে বলেন, প্রতিবছর হ্যালোইনের সময় কালো বিড়াল দত্তকের আবেদন বেড়ে যায়। অনেকেই ফ্যাশন বা কুসংস্কারের কারণে তা করে থাকেন। আমরা এমন অন্ধকারাচ্ছন্ন বা নিষ্ঠুর আচরণ রোধ করতে চাই।

যদিও তেরাসা শহরে কালো বিড়ালের প্রতি নির্যাতনের কোনও রেকর্ড নেই। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য এলাকায় এমন ঘটনা ঘটেছে এবং প্রাণিকল্যাণ সংস্থার সতর্কবার্তা পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পশ্চিমা সংস্কৃতিতে কালো বিড়ালকে সাধারণত অশুভ বা জাদুবিদ্যার প্রতীক হিসেবে দেখা হয়। তবে জাপান ও মিসরের মতো দেশে এগুলোকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয়।

তেরাসা নগর প্রশাসনের তথ্য অনুযায়ী, শহরে ৯ হাজার ৮০০-র বেশি বিড়াল রয়েছে। স্থানীয় আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্রায় ১০০টি বিড়াল রয়েছে, যার মধ্যে ১২টি কালো।

শহর কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্ত সাময়িক ও ব্যতিক্রমী সতর্কতামূলক পদক্ষেপ। তবে তারা ভবিষ্যতেও প্রয়োজনে এ ধরনের নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা উড়িয়ে দেয়নি।

নিষেধাজ্ঞার সময় কোনও ব্যতিক্রমী অনুরোধ এলে তা আলাদাভাবে পর্যালোচনা করা হবে এবং হ্যালোইনের পর স্বাভাবিক দত্তক কার্যক্রম আবার শুরু হবে বলে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin