হ্যান্ডশেক বিতর্ক: ম্যাচ রেফারিকে সরানোর দাবি পিসিবির

হ্যান্ডশেক বিতর্ক: ম্যাচ রেফারিকে সরানোর দাবি পিসিবির

ভারত-পাকিস্তান ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেক বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। ভারতীয় ক্রিকেটারদের আচরণে ক্ষোভ প্রকাশের একদিন পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরাসরি অভিযোগ তুলল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি লিখেছেন, ‘আইসিসি কোড অব কন্ডাক্ট এবং এমসিসির স্পিরিট অব ক্রিকেট আইনের লঙ্ঘন করেছেন ম্যাচ রেফারি। আমরা চাই, এশিয়া কাপ থেকে অবিলম্বে তাকে সরিয়ে দেওয়া হোক। ’

পিসিবির অভিযোগ, পাইক্রফট একপক্ষের হয়ে অবস্থান নিয়েছেন। তিনি নাকি অধিনায়কদের হাত না মেলানোর নির্দেশ দিয়েছেন, যা তার ক্ষমতার বাইরে। ক্রিকেট মহলে গুঞ্জন উঠেছে, পিসিবি এমনকি তাদের পরবর্তী ম্যাচ অর্থাৎ, ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেল বয়কটের হুমকিও দিয়েছে। ওই ম্যাচের দায়িত্বেও রয়েছেন পাইক্রফট। যদিও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে বোর্ডের পাঠানো চিঠিতে এমন ইঙ্গিত থাকার কথা বলা হচ্ছে। উল্লেখ্য, মহসিন নকভি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্টও।

নকভি আরও লেখেন, ‘খেলাধুলার চেতনা ভঙ্গ করে রাজনীতি টেনে আনা হতাশাজনক। আশা করি ভবিষ্যতে জয়-পরাজয় উদযাপন করা হবে সৌহার্দ্যের সঙ্গে। ’

রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে ভারত সাত উইকেটে পাকিস্তানকে হারানোর পর হাত মেলানো এড়িয়ে যায়। এরপর দলীয় ম্যানেজার নাভেদ চীমা পাইক্রফটের কাছে ভারতীয়দের আচরণ নিয়ে জোরালো প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, এটি সম্পূর্ণভাবে খেলাধুলার চেতনার পরিপন্থী। প্রতিবাদস্বরূপ পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগাকে পোস্ট ম্যাচেও পাঠানো হয়নি।

পাইক্রফট অবশ্য আইসিসির অন্যতম অভিজ্ঞ ম্যাচ রেফারি। ২০০৯ সাল থেকে তিনি এলিট প্যানেলে রয়েছেন। তার সঙ্গে এবার এশিয়া কাপে দায়িত্বে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসনও। বর্তমানে এই প্যানেলে আরও রয়েছেন ভারতের জাভাগল শ্রীনাথ, নিউজিল্যান্ডের জেফ ক্রো এবং শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

আরইউ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin