সকাল সকাল রুটি, পরোটা, ভাজি আর ডিমের নাশতা থেকে মাঝে মধ্যে একটু আলাদা কিছু হলে খাওয়ার রুচি বাড়ে। বাইরে রেস্টুরেন্টে যেসব নাশতার প্লেট ৫শ টাকা পর্যন্ত, সেসব চাইলেই বাসায় বানিয়ে ফেলতে পারেন চট করে। অবাক হচ্ছেন! কী থাকে এসব খাবারে, জেনে বানিয়ে ফেলুন। পরিবারের সদস্যদের বিশেষ দিনে সকাল সকাল টেবিলে এই নাশতা পেলে তার দিনটি বিশেষ হয়ে উঠবে আপনার কল্যাণে-
ইংলিশ ব্রেকফাস্ট
ইংলিশ ব্রেকফাস্ট এখন সকাল সকাল ভালো রেস্টুরেন্টগুলোতে জনপ্রিয় খাবার। কখনও ভেবে দেখেছেন এর নাম ইংলিশ ব্রেকফাস্ট কেন? কথিত আছে, ভিক্টোরিয়ান যুগে (১৯শশতক) ইংল্যান্ডের ধনী পরিবারগুলো সকালের নাশতায় বড় ও ভারী খাবার খেত— যেমন ডিম, সসেজ, বেকন, টমেটো, মাশরুম, বিনস, টোস্ট ইত্যাদি।
তখন দিনের শুরুতে অনেক সময়ই কৃষিকাজ বা দীর্ঘ সময় বাইরে কাজ করতে হতো, তাই পুষ্টিকর ও শক্তিদায়ক নাশতা দরকার ছিল। ধীরে ধীরে এই ধরণের নাশতা শুধু অভিজাতদের মধ্যে নয়, সাধারণ জনগণের মধ্যেও ছড়িয়ে পড়ে। যেহেতু এই ধরণের বড়সড় সকালের নাশতা ইংল্যান্ডে সবচেয়ে বেশি জনপ্রিয় ও প্রচলিত ছিল, তাই একে বলা হতে থাকে ‘English Breakfast’ বা ‘ইংলিশ ধাঁচের নাশতা’। পরে ব্রিটেনের অন্যান্য অংশে (স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস) এটার নিজস্ব সংস্করণ তৈরি হয়— যেমন স্কটিশ ব্রেকফাস্ট, আইরিশ ব্রেকফাস্ট ইত্যাদি।
কী থাকে এই খাবার তালিকায়
এই ব্রেকফাস্টে প্রোটিন, সবজি ও কার্বোহাইড্রেট সবকিছুই একটু একটু করে থাকে— তাই এটি খুব পুষ্টিকর ও পেট ভরানো।
উপকরণ (১ জনের জন্য)
ডিম— ২টা
সসেজ— ২টা
বেকন বা হালকা ফ্রাই করা মাংস— ২ স্লাইস (ঐচ্ছিক)
টমেটো— ১টা (মাঝখান থেকে কেটে হালকা ভাজা)
মাশরুম— ৪–৫টা (স্লাইস করে ভাজা) (ঐচ্ছিক)
বেকড বিনস— আধা কাপ (রেডিমেড কিনতে পাওয়া যায়)
পাউরুটি— ২ স্লাইস টোস্ট
মাখন বা অলিভ অয়েল— পরিমাণমতো
লবণ ও গোলমরিচ— স্বাদমতো
প্রস্তুত প্রণালি
সসেজ ও বেকন ভেজে নিন। ফ্রাইপ্যানে অল্প তেল বা মাখন গরম করুন।
সসেজ ও বেকন হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজুন। আলাদা করে রাখুন। এরপর একই প্যানে সামান্য তেল দিয়ে টমেটোর কাটাকাটা অংশ নিচের দিকে দিয়ে ভাজুন।
টমেটো একটু নরম হলে মাশরুম স্লাইস দিয়ে দিন এবং ২ থেকে ৩ মিনিট নেড়ে ভাজুন। একটা ছোট পাত্রে হালকা আঁচে বেকড বিনস গরম করুন।
ডিম এই খাবার প্লেটে দু’রকমভাবে দিতে পারেন। চাইলে সানি সাইড আপ (কুসুম অটুট রেখে একপাশ ভাজা ডিম পোচ) বা স্ক্যাম্বল্ড এগস (ঝুরি করে) বানাতে পারেন। লবণ ও গোলমরিচ দিন স্বাদ অনুযায়ী। এসব উপকরণ রেডি হলে টোস্টারে বা প্যানে পাউরুটি মাখন দিয়ে সোনালি করে ভেজে নিন।
এই ব্রেকফাস্ট পরিবেশনের ওপর এর ভালো লাগা নির্ভর করে। যা যা রেডি করলেন তা একটা বড় প্লেটে সাজান—এক পাশে টোস্ট, ডিম, সসেজ, বেকন আর অন্য পাশে টমেটো, মাশরুম ও বেকড বিনস।
এক কাপ চা, কফি বা জুসের সাথে পরিবেশন করুন।