ইসির তালিকা থেকেই এনসিপিকে প্রতীক নিতে হবে

ইসির তালিকা থেকেই এনসিপিকে প্রতীক নিতে হবে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক আদায়ের হুমকি দিলেও নির্বাচন কমিশনের (ইসি) তালিকা থেকেই দলটিকে প্রতীক বেছে নিতে হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এমন ইঙ্গিত দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে একটি বিষয় অনিষ্পন্ন আছে। তারা যে প্রতীকটা চেয়েছেন, সেটা আমাদের প্রতীক সংক্রান্ত বিধিমালার তফসিলে নেই। তাই আমরা তাদের কাছে চিঠি দেবো। সেই চিঠি পাওয়ার পর তারা যে প্রতীক প্রস্তাব করবেন, সেটি উল্লেখ করে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করব। অন্য দল বাংলাদেশ জাতীয় লীগ, তাদের প্রতীকের বিষয়টি ঠিক আছে।

জাতীয় নাগরিক পার্টি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোন— এই তিনটি প্রতীকের যেকোনো একটি দেওয়ার জন্য আবেদন করে। পরে তারা সংশোধিত আবেদনে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা চেয়ে আবেদন জানায়।

এ বিষয়ে ইসি সচিব জানান, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে যে ১১৫টি প্রতীক রয়েছে, সেখানে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা নেই। ফলে এনসিপি শাপলা প্রতীক পাবে না।

এরপর দলটির একটি প্রতিনিধি দল ইসিতে এসে শাপলা প্রতীক না পেলে তা আদায় করে নেওয়ার হুমকি দেয়। তবে সে হুমকি আমলে না নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক নেতারা অনেক কিছু বলেন। বলার অধিকার তাদের আছে। আমরা শুনব, কিন্তু আইন অনুযায়ী কাজ করব। আমরা মোটেও এটিকে হুমকি মনে করি না। কারণ তারা দেশের শত্রু নয়, দেশের প্রেমিক। দেশের মঙ্গলের জন্য তারাও সচেষ্ট।

নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে অন্তর্ভুক্ত ১১৫টি প্রতীক হলো: আপেল, আনারস, আম, আলমিরা, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙর, নৌকা (স্থগিত), প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিকশা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা ও হেলিকপ্টার।

এ নিয়ে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৫২ (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৬টি দল নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়। দলগুলো হলো: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে।

নিবন্ধিত দলগুলোর জন্য ৫২টি প্রতীক সংরক্ষিত আছে। অবশিষ্ট প্রতীকগুলো থেকেই নতুন দলগুলোকে তাদের প্রতীক বেছে নিতে হবে। বাকিগুলো স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দ করবে ইসি।

ইইউডি/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin