ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্য হলে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত

ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্য হলে ১০০ আসন ছেড়ে দেবে জামায়াত

ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৩ অক্টোবর) খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা আয়োজিত সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ‘৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে। সেক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দিতে হতে পারে। তবে কমপক্ষে ২০০ আসনে নির্বাচন করবে জামায়াত।’

আরও পড়ুন: দুই শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন শ্রমিকদল নেতা

জামায়াতের প্রতিটি কর্মীকে নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দ্বীনকে সংসদে পাঠানোর জন্য এ সময়টিই সবচেয়ে উপযুক্ত। যারা একসময় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে।’

খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমির এমরান হোসাইন, মহানগর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল প্রমুখ।

আরিফুর রহমান/এসআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin