ইসরায়েলবিরোধী স্লোগানে উত্তাল মাদ্রিদ, বাতিল ‘লা ভুয়েলতা’র শেষ ধাপ

ইসরায়েলবিরোধী স্লোগানে উত্তাল মাদ্রিদ, বাতিল ‘লা ভুয়েলতা’র শেষ ধাপ

স্পেনের বিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ভুয়েলতা আ এস্পানা’র ফাইনাল ধাপ বাতিল হয়ে গেছে প্রো-প্যালেস্টাইনি বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে। রোববার মাদ্রিদে ১০৪ কিলোমিটার দীর্ঘ শেষ ধাপ চলাকালে এই বিশৃঙ্খলা দেখা দেয়।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রথমে রেস থামিয়ে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা ইসরায়েলবিরোধী ব্যানার হাতে প্রতিবাদ করছিলেন এবং রাস্তায় ব্যারিকেড ফেলে সাইক্লিস্টদের পথ আটকানোর চেষ্টা করেন। কিছুক্ষণ পর রেস আবার শুরু হলেও শেষ পর্যন্ত আয়োজকরা নিরাপত্তার স্বার্থে ফাইনাল ধাপ বাতিল ঘোষণা করেন।

আয়োজকদের বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তাজনিত কারণে লা ভুয়েলতার ২১তম ধাপ আগেই সমাপ্ত ঘোষণা করা হলো। কোনো পডিয়াম অনুষ্ঠান হবে না। রেস শেষ হয়েছে এবং বিজয়ী হলেন জোনাস ভিনগেগার্ড। ’

বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে দলের সাপোর্ট কারগুলোর দিকে তীব্র স্লোগান দেন। আয়োজকরা আগেই অনুমান করেছিলেন যে প্রায় ৬ হাজার বিক্ষোভকারী এবং ৫০ হাজার সমর্থক মাদ্রিদে সমবেত হবেন। এজন্য ১ হাজার ৫০০ পুলিশ মোতায়েন করা হয়, যা আগে থেকেই রেসের সঙ্গে থাকা ১৩০ কর্মকর্তার সঙ্গে যুক্ত হয়।

পুরো ভুয়েলতা জুড়ে ইসরায়েলি মালিকানাধীন দল প্রিমিয়ার টেক-এর উপস্থিতির কারণে প্রতিবাদ চলছিল। ইতিমধ্যেই তারা খেলোয়াড়দের জার্সি থেকে দলের নাম মুছে ফেলেছে। কিন্তু প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভকারীরা পথে নেমেছেন। কয়েকটি ধাপে সড়কে প্রবেশ করায় দুর্ঘটনাও ঘটে।

এবারের ভুয়েলতায় ১০ দিনের মধ্যে ছয় দিনই বিক্ষোভের কারণে বাধাগ্রস্ত হয়েছে। ২০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

রাজনৈতিকভাবেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। স্পেনের বামপন্থী সরকার ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল। গত বছর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেন। একই বছর জুনে স্পেন জাতিসংঘ আদালতে আবেদন করে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলায় যোগ দিতে।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin