ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরান রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এ তথ্য জানিয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ শাস্তি কার্যকর করা হয়।
আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিলেন এবং ইরানের খুজেস্তান প্রদেশে একাধিক সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা স্বীকার করেছেন যে তারা বোমা তৈরি ও পুঁতে রাখা, খোররামশাহরে একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণ, ব্যাংকে সশস্ত্র হামলা, সামরিক কেন্দ্রে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানোসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পর হামাস তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনটি জানিয়েছে, তারা গাজা উপত্যকার দায়িত্ব ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের কাছে হস্তান্তর করতে এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। খবর আল জাজিরার।
তবে তারা নিরস্ত্রীকরণের বিষয়টি নিয়ে কিছু জানায়নি। তারা বলছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ‘অবিলম্বে শান্তি আলোচনায়’ যেতে চায় তারা।
হামাসের বিবৃতির পর এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, অভূতপূর্ব উন্নয়ন এবং সতর্ক করে দিয়েছেন যে, চূড়ান্ত কথা সুনির্দিষ্টভাবে বলা গুরুত্বপূর্ণ।
ট্রাম্প আরও বলেছেন যে তিনি বিশ্বাস করেন হামাস একটি ‘স্থায়ী শান্তি’র জন্য প্রস্তুত। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল-জাজিরা
এমএসএম