ইতালিতে মাদারীপুরের যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

ইতালিতে মাদারীপুরের যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

ইতালিতে সাগর বালা ওরফে অভি নামে মাদারীপুরের এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। অভির মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।

নিহত সাগর বালা অভি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।

জানা গেছে, আড়াই বছর আগে ধার-দেনা করে ভাগ্যের চাকা ঘুরাতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় সাগর বালা। গত দুই বছর ধরে সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন সাগর। ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ইতালির পিরুগিয়া শহরের স্পোলেটো এলাকায় সাগরের খণ্ডিত লাশ উদ্ধার করে সেখানকার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে অভির মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে সাগরকে হত্যা করা হয়েছে। পরে একটি কালো ব্যাগে তার লাশ লুকিয়ে রাখে হত্যাকারী। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

এদিকে হত্যার ঘটনার প্রয়োজনীয় তথ্য প্রমাণ সংগ্রহে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিভিন্ন স্থানে তল্লাশিসহ ইতালিয়ান পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন নিহতের বাবা কুমোদ বালা।  

তিনি আরও জানান, লাশের পাশ থেকে তার ছেলের ব্যবহার করা একটি বৈদ্যুতিক বাইসাইকেলও উদ্ধার করেছে সেখানকার পুলিশ।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin