ইউটিউব মিউজিকে আসছে এআই হোস্ট, যে সুবিধা পাওয়া যাবে

ইউটিউব মিউজিকে আসছে এআই হোস্ট, যে সুবিধা পাওয়া যাবে

ব্যবহারকারীদের গান শোনার অভিজ্ঞতা উন্নত করতে নতুন সুবিধা চালু করছে ইউটিউব মিউজিক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘এআই হোস্ট নামের সুবিধাটি চালু হলে গানের বিরতিতে কৃত্রিম প্রযুক্তিনির্ভর অনুষ্ঠান সঞ্চালকের কাছ থেকে বিভিন্ন গল্প ও মজার মন্তব্য শোনার পাশাপাশি শিল্পীদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন শ্রোতারা।

ইউটিউবের তথ্যমতে, এআই হোস্ট ব্যবহারকারীদের গান শোনার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে। পরীক্ষামূলকভাবে চালু হওয়ায় এআই হোস্ট সুবিধাটি আপাতত ইউটিউবের নতুন ল্যাবস প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসকরা সীমিতসংখ্যক ব্যক্তি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। আর তাই সুবিধাটি ব্যবহারের জন্য ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করে ল্যাবস প্রোগ্রামে যুক্ত হওয়ার যোগ্য কি না, তা জানতে হবে ব্যবহারকারীদের।  

ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগল এর আগে নিজেদের এআইনির্ভর গবেষণা টুল ‘নোটবুকএলএম’-এ এআই হোস্টের সক্ষমতা বাড়িয়েছে। এর ফলে নোটবুক এলএম ব্যবহারকারীরা আগের তুলনায় বিভিন্ন বিষয় সহজে শিখতে ও পর্যালোচনা করতে পারেন। গান শোনার ক্ষেত্রেও একই ধরনের অভিজ্ঞতা দিতে এআই হোস্ট চালু করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এআই হোস্ট সুবিধার কার্যকারিতা পরখ করার পাশাপাশি প্রিমিয়াম গ্রাহকদের জন্য তৈরি বেশ কিছু সুবিধা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য উন্মুক্ত করেছে ইউটিউব, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জাম্প অ্যাহেড’ সুবিধা। এআইনির্ভর সুবিধাটির মাধ্যমে ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ দ্রুত দেখা যায়। ইউটিউবের তথ্যমতে, টেলিভিশন ও গেম কনসোলে এখন থেকে পুরোপুরি জাম্প অ্যাহেড সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: দ্য ভার্জ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin