ইউটিউব শর্টসে বার্তা লিখেই ভিডিও তৈরির সুযোগ

ইউটিউব শর্টসে বার্তা লিখেই ভিডিও তৈরির সুযোগ

ইউটিউব শর্টসে যুক্ত হলো গুগলের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিডিও জেনারেটর ভিও থ্রি। নতুন এ সুবিধা চালুর ফলে এখন থেকে ইউটিউবের মোবাইল অ্যাপে ছোট বার্তা লিখে সর্বোচ্চ আট সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। ভিডিওতে শব্দও যুক্ত থাকবে। ফলে সহজেই ভালো মানের ইউটিউব শর্টস তৈরির সুযোগ মিলবে।

ইউটিউবের তথ্যমতে, ব্যবহারকারীরা যেকোনো কাল্পনিক দৃশ্যের প্রম্পট লেখার পাশাপাশি অ্যানিমেটেড, সিনেমাটিক বা অন্য কোনো ভিজ্যুয়াল ধরন নির্বাচন করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও তৈরি করে দেবে ভিও থ্রি। শর্টসের জন্য আনা ভিও থ্রির সংস্করণ দৈর্ঘ্য ও মানের দিক থেকে সীমিত। তবে ভিডিও বানাতে কোনো ফুটেজ, ক্যামেরা বা সফটওয়্যার না লাগায় এটিকে গুগল বড় অগ্রগতি হিসেবে দেখছে। এর আগে ইউটিউব শর্টসে ড্রিম স্ক্রিন সুবিধায় কেবল ব্যাকগ্রাউন্ড তৈরি করা যেত। ভিও থ্রি সেই সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে। এখন পটভূমি ছাড়াও এটি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিতে পারবে।

গুগলের দাবি, ভিও থ্রি প্রাকৃতিক ক্যামেরা মুভমেন্ট তৈরি করতে পারে, একাধিক বস্তুর গতিবিধি শনাক্তের পাশাপাশি ভিজ্যুয়াল স্টাইল বজায় রাখতে সক্ষম। ভিও থ্রি ব্যবহার করতে ইউটিউব অ্যাপের ক্রিয়েট ট্যাব থেকে ক্রিয়েটে ভিডিও অপশন বেছে নিতে হবে। এর জন্য কোনো ভিডিও আপলোড বা জেমিনি সাবস্ক্রিপশন প্রয়োজন নেই। তৈরি হওয়া ভিডিওতে শব্দও যুক্ত থাকবে। এরপর দৃশ্য অনুযায়ী সাউন্ড ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত হবে। প্রতিটি ভিডিওতেই দৃশ্যমান ‘এআই জেনারেটেড’ লেখা থাকবে এবং থাকবে অদৃশ্য ওয়াটারমার্ক সিনথআইডি।

গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধা শর্ট ভিডিও নির্মাতা, মিম নির্মাতা কিংবা নতুন ব্যবহারকারীদের জন্য খুবই কার্যকর হবে। শুধু এআই তৈরি ভিডিও নয়, ব্যবহারকারীরা চাইলে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড বানিয়ে নিজের ভিডিওর সঙ্গে নতুন ভিডিওটি ব্যবহার করতে পারবেন। তবে আশঙ্কাও রয়েছে। ইউটিউবে এরই মধ্যে এআই তৈরি নানা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়েছে। শর্টসে ভিও থ্রি চালু হওয়ার পর এ ধরনের কনটেন্ট আরও বাড়তে পারে।

সূত্র: টেক রাডার

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin