‘সম্মানহানির, কুরুচিপূর্ণ ও মিথ্যা’ মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রেস রিলিজের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিহাব উদ্দিন খানের পাঠানো এই নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ‘জনসম্মুখে প্রকাশ্যে’ ক্ষমা চাইতে বলা হয়েছে।
একইসঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটির (বিটিআরসি) কাছে মিথ্যা বক্তব্য সম্বলিত ভিডিও ক্লিপটি অতিসত্বর ইউটিউবসহ অন্যান্য প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে ও সরিয়ে ফেলার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নোটিশে বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ ও ইউটিউব ভিডিওর বরাত দিয়ে বলা হয়, মুফতি আমির হামজা নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী দাবি করেছেন এবং আবাসিক হলে শিক্ষার্থীরা সকালে ‘মদ’ দিয়ে কুলি করে ও এ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে পেটায় জাতীয় মিথ্যা, অবমাননাকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেন।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাবেক শিক্ষার্থী হিসেবে এই ধরনের মনগড়া, অসত্য বক্তব্যে ব্যারিস্টার শিহাবের অনুভূতিতেও আঘাত লেগেছে মর্মে নোটিশে উল্লেখ করা হয়।
৪৮ ঘণ্টার মধ্যে প্রতিকার না পেলে আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।