‘জামাল আমাদের অধিনায়ক-ই থাকবে’

‘জামাল আমাদের অধিনায়ক-ই থাকবে’

হংকং চায়নার বিপক্ষে ম্যাচের সেরা একাদশে অধিনায়ক জামাল ভূঁইয়া থাকবেন কিনা সংশয় রয়েছে। এখনও চূড়ান্ত করেননি হাভিয়ের কাবরেরা। এরই মধ্যে প্রশ্ন উঠলো জামাল ভূঁইয়ার খেলার সম্ভাবনা নিয়েও। তবে কোচ কাবরেরা জানালেন অন্য কথা।

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলা গত দুই ম্যাচে অধিনায়ক জামালকে মাঠে নামাননি কাবরেরা। হংকং ম্যাচ সামনে রেখে বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে প্রশ্ন গেলো কোচের কাছে। উত্তরও তিনি দিলেন অন্যভাবে। বলেন, ‘অবশ্যই, জামাল খেলুক বা না খেলুক, সে আমাদের অধিনায়ক-ই থাকবে। এটা অপরিবর্তনীয়।’

সেরা একাদশে তপু ও শোমিতের খেলার বিষয়ে সিদ্ধান্ত আরও সময় নিতে চান কোচ। বলেন, ‘তপু উন্নতি করেছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে একটি জটিল ইনজুরিতে ভুগছিল। আমাদের মেডিক্যাল টিম এবং তপু নিজেও দারুণ কাজ করেছে। আজ আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। শোমিত মাত্র একটি অনুশীলন সেশন করেছে। তার যাত্রাটা দীর্ঘ হলেও সে ভালো অনুভব করছে। আজ ও কাল সকালে তাকে দেখে সিদ্ধান্ত নেবো।’

চোটের কারণে ক্যাম্পের দল থেকে আগেই ছিটকে গেছেন ফরোয়ার্ড সুমন রেজা। বর্তমান দলে থাকা আল আমিনও পেশির চোটে ভুগছেন। পিডাব্লিউডির ২১ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ তাই গুরুত্ব পাচ্ছেন। স্প্যানিশ কোচ জানালেন, ‘সুমনের চোট খুব দুর্ভাগ্যজনক। সেপ্টেম্বর মাসে সে দুর্দান্ত খেলেছে। কিন্তু ক্যাম্পে যোগ দেওয়ার আগেই চোটে পড়ে; সেরে উঠতে পারেনি সে। আল-আমিনেরও কাফে কিছু সমস্যা আছে। দেখা যাক কাল কী হয়। তবে আকাশ আছে, সে ভালো করছে। এই উইন্ডোতে ওর জন্য এটা ভালো সুযোগ হতে পারে।’

যুক্তরাস্ট্র প্রবাসী জায়ান আহমেদকে ঘিরে আশাবাদী কোচ। বলেন, ‘জায়ান ভালো করছে। অনূর্ধ্ব-২৩ দলে ভালো পারফর্ম করেছে। ভিয়েতনাম, ইয়েমেন, সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে খেলেছে। আমি ওকে সেখানেও দেখেছি। এখানেও সে খুব মনোযোগী। সে আমাদের প্রমাণ করতে চাইছে যে, আমাদের লেভেলের খেলোয়াড় সে। দেখা যাক কাল কী হয়।’

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin