জাপার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

জাপার সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী অনুসন্ধান দলের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।

সোমবার (০৬ অক্টোবর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী অনুসন্ধান দলের প্রধান মেটে বাক্কেন ও সদস্য ম্যানুয়েল ওয়ালি অংশ নেন।

অপরদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু, মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা।

বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি, পর্যবেক্ষণ কার্যক্রম এবং নির্বাচনের পরবর্তী ফলোআপ প্রক্রিয়াসহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে মাসরুর মওলা বলেন, বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধিদলের সদস্যরা নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। এর অংশ হিসেবেই জাতীয় পার্টির সঙ্গে তাদের এ বৈঠক হয়েছে। বৈঠকে ইইউ প্রতিনিধি দল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের (জাতীয় পার্টির) পরিকল্পনা জানতে চান।

মাসরুর মওলা আরও বলেন, বৈঠকে আমাদের পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তাদেরকে জানিয়েছেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে চায়। কিন্তু নির্বাচনের আগে যে পরিবেশ দরকার, সে ধরনের স্থিতিশীল পরিবেশ এখনো দেশে দৃশ্যমান নয়।

তিনি বলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। যদিও সরকার এই মিথ্যা হত্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য নতুন আইন করেছে। কিন্তু সে আইনের বাস্তব প্রয়োগ এখন আমরা দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে এবং যাদের বিরুদ্ধে মামলাও নেই, সেই ধরনের অনেক নেতার বিরুদ্ধে বিদেশ যাত্রায় অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দ্রুত এই ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার।

মাসরুর মওলা আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী অনুসন্ধান দলের প্রধান মেটে বাক্কেনের প্রশ্নের জবাবে আমাদের পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, জাতীয় পার্টি সব সময় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। ৯০-এর পর থেকে একটি বাদে আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি। আগামী নির্বাচনেও আমরা জোট গঠন করে ভোট করতে পারি। তবে কাদের সঙ্গে জোট হবে, বা কোন প্রক্রিয়ায় জোট হবে, সেটি পরবর্তীতে পার্টির ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।  

এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করেন।

এসএমএকে/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin