জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের সময় প্রকাশ করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকেল চারটায় শুরু হবে এ আবেদন, চলবে ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হলেও মেধা তালিকায় স্থান পাননি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হননি অথবা প্রথম/দ্বিতীয় রিলিজ স্লিপ বা কোটায় ভর্তি হয়ে পরবর্তী সময় ভর্তি বাতিল করেছেন, তাঁদের অবশ্যই মেধা তালিকায় স্থান পেতে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে।
এ ছাড়া বর্তমানে যাঁরা প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি রয়েছেন, কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে চান, তাঁদের অবশ্যই ৯ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে আবেদন করতে হবে।
আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Applicant Login> Honours Login অপশনে গিয়ে সঠিক Application ID ও PIN দিয়ে লগইন করতে হবে। এরপর পছন্দের কলেজ ও বিষয় নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করা গেলেও এটি কোনো কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে Prospectus (Honours)/Important Notice অপশনে পাওয়া যাবে।