জাতীয় পার্টি এখন আ.লীগের লেজ নয়, মাথা: মান্না

জাতীয় পার্টি এখন আ.লীগের লেজ নয়, মাথা: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও এ শঙ্কা কেটে গিয়ে নির্বাচন হবে। নির্বাচনে প্রতীক ব্যাপারটা ভাইটাল, কিন্তু ডোমেনেটিং নয়।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙ্গলে উঠে পতিত আওয়ামী লীগের ফিরে আসার আশঙ্কা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টি আওয়ামী লীগের লেজ নয়, মাথা।

শনিবার (২০ সেপ্টেম্বর) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’ শীর্ষক ছায়া সংসদে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

মাহমুদুর রহমান মান্না বলেন, ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। তবে এসব নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার মতো প্রভাব ফেলবে না। জুলাই সনদ নিয়ে ঐকমত্যের একটা সিলভার লাইন তৈরি হয়েছে। আশা করি, এটি বাস্তবায়িত হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ছোট ছোট দলগুলোর একীভূত হওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা ইতিবাচক। নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদ এমন সিদ্ধান্ত নিলে সেটা সমর্থন করব। তবে জাতিসংঘের অধিবেশন প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে অনিবন্ধিত দলের এক সদস্যের অন্তর্ভুক্তি সমর্থনযোগ্য নয়।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত। তারা এখন গণধিকৃত। নির্বাচনে অংশ নিতে পারছে না। তাই বর্তমান রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করলে আশা করি ডাকসু-জাকসু নির্বাচনের মতো নিঃসংকোচে ফেব্রুয়ারির নির্বাচনে দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ উৎসবমুখরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে। আদর্শবিহীন রাজনীতি অন্ধ। মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে সেই দলের রাজনীতি ব্যর্থ। রাজনীতিবিদরা ব্যর্থ হলে, দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিগণিত হয়।  

তিনি বলেন, বিগত আওয়ামী সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। দেশে এক ব্যক্তির শাসন চলেছিল। হাসিনা নিজেকে রাষ্ট্র মনে করে রাজা-বাদশাহ মনে করত। দেশের জনগণকে গোলাম বানিয়ে রেখেছিল। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে রাজা-প্রজা-গোলামের রাজনীতির অবসান ঘটেছে। ফ্যাসিস্টের কবর রচিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার ভয়াল পরিণতি আমরা দেখেছি। যা থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।

ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা জয়ী হন। বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক সাইদুর রহমান, মাইদুর রহমান রুবেল ও জাকির হোসেন লিটন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin