রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতদের মধ্যে সাবেক যুবলীগ নেতা, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাধিক পদধারী রয়েছেন। তাদের মধ্যে ডিবি সাইবার বিভাগ ১৩ জন, গুলশান বিভাগ ৫ জন, মিরপুর বিভাগ ৪ জন, মতিঝিল বিভাগ ৪ জন, লালবাগ বিভাগ ৩ জন, রমনা বিভাগ ২ জন, ওয়ারী, উত্তরা ও তেজগাঁও বিভাগ একজন করে গ্রেফতার করে।
ডিবির বিভিন্ন বিভাগের তথ্যমতে, অভিযানে অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও নেতৃত্বের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তাদের হেফাজত থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং পরিকল্পনার নথিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, রাজধানীতে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।