জোবায়েদ হত্যার প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

জোবায়েদ হত্যার প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচরে শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের ছাত্র জোবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম বলেন, জোবায়েদ ছিল আমাদের নম্র, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তাকে সামনের সারিতে দেখা গেছে। সাহসী শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা জোর দাবি জানাই, হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সাবেক প্রধান শিক্ষক বাবু শিমুলচন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ তারেক, মুহিব উল্লাহ মহিব, চরজব্বার কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল আরিফ এবং সহপাঠী ইফতেখার আহমেদ খালেদ প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলির একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ভবনের একটি বাসায় টিউশন করতেন। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এনডি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin