জর্ডানে বাছাইপর্বের আগে দুবাইয়ে খেলতে যাচ্ছে অর্পিতারা

জর্ডানে বাছাইপর্বের আগে দুবাইয়ে খেলতে যাচ্ছে অর্পিতারা

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে অংশ নেওয়ার লক্ষ্যে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তবে জর্ডানে যাওযার আগে ‍দুবাইয়ে নামবে বাংলাদেশের মেয়েরা। সেখানে আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে কোচ সাইফুল বারী টিটুর দল।

এরপর বাছাইপর্ব খেলতে জর্ডানে যাবে মেয়েরা। সেখানে প্রথম ম্যাচ স্বাগতিকদের বিপক্ষে ১৩ অক্টোবর ও ১৭ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ চাইনিজ তাইপে। দুবাইয়ের অভিজ্ঞতা জর্ডানে ভালোভাবে কাজে লাগিয়ে ইতিবাচক ফল করার দিকে দৃষ্টি বাংলাদেশের মেয়েদের।

বাংলাদেশ নারী দলের হেড কোচ বৃটিশ পিটার বাটলার। তবে অনূর্ধ্ব-১৭ দলে কোচ বদল হচ্ছে বারবার। সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট খেলেছে মাহবুবুর রহমান লিটুর অধীনে। এএফসি টুর্নামেন্টে বাফুফে দায়িত্ব দিয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে।

সময় কম পেলেও এএফসি টুর্নামেন্টে মূল পর্বে খেলার আশাবাদ টিটুর। শনিবার (৪ অক্টোবর) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জর্ডান ও চাইনিজ তাইপের সিনিয়র দল র‌্যাংকিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। প্রথম ম্যাচই জর্ডানের সঙ্গে পড়েছে। আমরা চেষ্টা করব সেরাটা দিয়ে মূল পর্বে খেলার। দুবাইয়ে আমরা ৭ সেপ্টেম্বর সিরিয়া ও ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলব। এই দুই ম্যাচ আমাদের প্রস্তুতিতে ভালো ভূমিকা রাখবে।’

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক জর্ডান ও চাইনজি তাইপে। তিন দলের এই গ্রুপে চ্যাম্পিয়ন দলই পরের বছর মূল পর্বে খেলার সুযোগ পাবে। এর আগে বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে দুই বার মূল আসরে খেলেছিল।

যদিও বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এবার খুব বেশি আশাবাদী নন। তিনি বলেন, ‘ওদের অভিজ্ঞতা আগের (সানজিদাদের) মতো নয়। এরপরও প্রত্যাশা থাকবে যেন চূড়ান্ত পর্বে খেলতে পারে। যদি উঠে অবশ্যই বাফুফের পক্ষ থেকে তাদের প্রস্তুতি জোরদার করা হবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য আশাবাদী। তিনি বলেন, ‘আমরা সাফ খেলেছি কিছুদিন আগে। অনুশীলনের মধ্যে রয়েছি। দুবাইয়ে দুই ম্যাচ খেলবো। আশা করি আমরা জর্ডান থেকে ভালো কিছু করবো।’

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin