জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দ্দার টিটুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া।
প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী এতথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার দুপুরের দিকে বিএমইউ থেকে আরিফুল ইসলাম জোয়ারদার টিটুকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তারপক্ষে অ্যাডভোকেট সোহাগ মিয়া জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৪ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। আগুন দেওয়া হয় গাড়িতে। ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত ১৪ জানুয়ারি শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।