জুলাই সনদে স্বাক্ষর ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণের পর অনুষ্ঠানে প্রদর্শন করা হয় বিশেষ প্রামাণ্য চিত্র। এতে উঠে আসে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নিষ্ঠুরতার প্রতিচিত্র।
আয়নাঘরে গুম হওয়া পরিবারের আর্তনাদ, বেঁচে আসা ব্যারিস্টার আরমানের লোমহর্ষক বর্ণনা, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড ও জুলাই আন্দোলনের নির্মম হত্যার চিত্র প্রদর্শনের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সাত মিনিটের এ প্রামাণ্যচিত্র দেখতে সংসদ ভবনের বাইরেও বিপুল সংখ্যক দর্শকের দৃষ্টি ছিল অনুষ্ঠান মঞ্চের সামনের এলইডিতে। অনেকে অশ্রুসিক্ত হয়ে পড়েন।
সেখানে আসা স্কুল শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, ‘এ প্রদর্শনীতে বিগত দিনে বাংলাদেশের অন্ধকার সময়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।’
আরেক অভিভাবক বলেন, ‘এ দৃশ্যগুলো আমাদের দুর্ভাগ্যজনক অধ্যায়গুলোকে স্মরণ করিয়ে দেয়। এমন দিন আর না আসুক।’