ধ্রুব জুরেল আর রবীন্দ্র জাদেজার দাপুটে সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ভারত। আহমেদাবাদে দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের প্রথম ইনিংসে লিড দাঁড়িয়েছে ২৮৬ রানে।
দিনের শুরুতে লোকেল রাহুল তুলে নেন সেঞ্চুরি। এরপর জুরেল (১২৫) আর জাদেজার (১০৪*) জুটিতে আসে ২০৬ রান। যা ম্যাচ থেকে কার্যত ছিটকে দেয় ক্যারিবীয়দের। দিনের শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৪৪৮ রান। প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
উইকেটকিপার-ব্যাটার জুরেলের জন্য এটি ছিল ক্যারিয়ারের প্রথম শতক। রোস্টন চেজকে বাউন্ডারি মেরে পৌঁছান তিন অঙ্কে।
জুরেল ১৫টি চার আর ৩টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান। পরে খ্যারি পিয়েরের বলে থামেন। অন্যদিকে, জাদেজা পেয়েছেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। তার ব্যাট থেকে আসে ৬টি চার আর ৫টি ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজের সান্ত্বনা কেবল রাহুলের উইকেট। লাঞ্চের পর জোমেল ওয়ারিক্যানের বলে শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার আগেই অবশ্য সেঞ্চুরি পূর্ণ করেছেন।
অধিনায়ক শুভমান গিলও করেন ৫০ রান। চেজের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে স্লিপে ধরা পড়েন তিনি। দিনের শুরুতে যদিও রাহুল জীবন পান ৫৭ রানে।
৯০ রানে দুটি উইকেট নেন রোস্টন চেজ। একটি করে নেন জোমেল ওয়ারিক্যান ও খ্যারি পিয়েরে।