জয়পুরহাটে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, দুজন গ্রেপ্তার

জয়পুরহাটে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, দুজন গ্রেপ্তার

জয়পুরহাট সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি করতে এসে স্থানীয় লোকজনের হাতে দুজন আটক হয়েছেন। পরে পুলিশে সোপর্দ করা হলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। গতকাল সোমবার রাতে উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন ক্ষেতলাল উপজেলার দেওগ্রামের মজনু মণ্ডল (৪০) ও সদর উপজেলার মাধাইনগর গ্রামের মশিউর রহমান (৩৮)। তাঁদের কাছ থেকে পুলিশের লোগো–সংবলিত একটি সেফটি ভেস্ট ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার পর মজনু ও মশিউর মাধাইনগর বাজারে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় তাঁরা কয়েকজনকে ভয় দেখিয়ে চাঁদাবাজির চেষ্টা করেন। তবে তাঁদের আচরণে সন্দেহ হলে বাজারের লোকজন জিজ্ঞাসাবাদ করে পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র না দেখিয়ে তাঁরা পুলিশের লোগো–সংবলিত সেফটি ভেস্ট ও একটি হ্যান্ডকাফ প্রদর্শন করেন। একপর্যায়ে তাঁরা নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করেন। উত্তেজিত জনতা তাঁদের আটক করে পুলিশে খবর দেন। পরে রাত নয়টার দিকে পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়।

ফেসবুক লাইভে দেখা যায়, মজনু ও মশিউরকে বাজারের একটি দোকানে আটকে রাখা হয়েছে। তাঁদের কাছেই পাওয়া যায় সেফটি ভেস্ট ও হ্যান্ডকাফ। সদর থানার পরিদর্শক (অপারেশন) শাহিন কাদির ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় আটক মজনু দাবি করেন, কালাই থানার উপপরিদর্শক (এসআই) নুর আমিন তাঁকে হ্যান্ডকাফটি দিয়েছেন। তবে এসআই নুর আমিন বলেন, ‘আমি ওদের চিনি না। আমার হ্যান্ডকাফ আমার কাছেই আছে। কাউকে হ্যান্ডকাফ দিইনি।’

মাধাইনগর বাজারের ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, ‘তাঁরা বাজারে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। কয়েকজনকে টার্গেট করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতে চেয়েছিলেন। সন্দেহ হলে আমরা তাঁদের আটক করি।’

ওসি তামবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে পুলিশের লোগো–সংবলিত একটি সেফটি ভেস্ট ও পুরোনো একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক মিনারুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin