ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জ্যামাইকায় ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসা। ভয়াবহ এই ঝড়ের কারণে ইতোমধ্যে জামাইকায় তিনজন এবং হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে চারজন প্রাণ হারিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) ঝড়টি সর্বোচ্চ শক্তির ক্যাটাগরি পাঁচ ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বর্তমানে ঝড়টি ক্যারিবীয় সাগরের উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। ফলে জ্যামাইকা এ মুহূর্তে ভয়াবহ ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি নিচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড়টি জামাইকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী হারিকেন হয়ে উঠতে পারে। এতে ঘণ্টায় ১৭৫ মাইল (প্রায় ২৯০ কিলোমিটার) বেগে বাতাস বইতে পারে এবং ১০১ সেন্টিমিটার (৪০ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
সোমবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)জানিয়েছে,‘মেলিস’ নামের এই ঝড়টি ক্যাটাগরি-৫ অর্থাৎ সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
ঝড়ের কারণে নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে জ্যামাইকা সরকার। এ নির্দেশ কার্যকর করতে নাগরিকদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন শীর্ষ কর্মকর্তারা। তবে প্রবল বৃষ্টি আর ঝোড়ো বাতাস শুরু হলেও অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে চাইছেন না।
হারিকেন মেলিসা ক্যারিবীয় অঞ্চলে ১৯৮৮ সালে আঘাত হানা হারিকেন গিলবার্টের চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। গিলবার্টের আঘাতে জ্যামাইকায় ৪০ জনের বেশি প্রাণ হারিয়েছিলেন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও মেক্সিকোয় সব মিলিয়ে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছিল।
তারপরও জ্যামাইকানরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে সরকারি আশ্রয়কেন্দ্রে যেতে চান না। কারণ এখানকার বাসিন্দারা ঝড় সামলাতে বেশ অভ্যস্ত।
একই সঙ্গে কিউবা এবং দক্ষিণ-পূর্ব বাহামাসের জন্যও সতর্কতা জারি করা হয়েছে।