কাবুল ও কান্দাহারে হামলার পর আফগানিস্তানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তানের

কাবুল ও কান্দাহারে হামলার পর আফগানিস্তানের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তানের

আফগানিস্তানের সঙ্গে টানটান সীমান্ত উত্তেজনার মধ্যে ৪৮ ঘণ্টার জন্য ‘অস্থায়ী যুদ্ধবিরতি’ ঘোষণা করেছে পাকিস্তান। বুধবার (১৫ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ধ্যা ৬টা থেকে উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আফগান তালেবান সরকারের অনুরোধে আগামী ৪৮ ঘণ্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে। এই সময়ের মধ্যে উভয় পক্ষই গঠনমূলক সংলাপের মাধ্যমে জটিল হলেও সমাধানযোগ্য এই সংকটের ইতিবাচক সমাধান খুঁজে বের করার আন্তরিক চেষ্টা করবে।

অন্যদিকে, তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, কোনও পক্ষ থেকে আগ্রাসন না হলে আফগান বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ জানায়, আফগানিস্তানের কান্দাহার প্রদেশ ও রাজধানী কাবুলে ‘নির্ভুল বিমান হামলা’ চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে খবরে বলা হয়, আফগান তালেবান বাহিনীর হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা অভিযানে তাদের মূল ঘাঁটিগুলো ধ্বংস করা হয়েছে।

খবরে আরও বলা হয়েছিল,কান্দাহারে আফগান তালেবানের চতুর্থ ব্যাটালিয়ন ও ষষ্ঠ সীমান্ত ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এতে ডজনখানেক বিদেশি ও আফগান যোদ্ধা নিহত হয়েছে।

পরে পিটিভি জানায়, কান্দাহারের পাশাপাশি কাবুলেও হামলা চালানো হয়েছে। কাবুলে ফিতনা আল-হিন্দুস্তান নামে পরিচিত সন্ত্রাসী নেটওয়ার্কের কেন্দ্র ও নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামটি পাকিস্তানে বেলুচিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য সরকারি ভাষায় ব্যবহার করা হয়।

বুধবার ভোরে বেলুচিস্তানের স্পিন বোলদাক সীমান্ত এলাকায় আফগান তালেবানদের চার দিক থেকে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দেয় বলে জানিয়েছে আইএসপিআর। এতে প্রায় ১৫ থেকে ২০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।গত এক সপ্তাহে এটি ছিল দুই দেশের মধ্যে তৃতীয় বড় সংঘর্ষ। মঙ্গলবার কুররামে এবং এর আগে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্তও টানা গোলাগুলি চলেছিল।

পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, ওই সংঘর্ষে পাকিস্তানের ২৩ সেনা সদস্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন। পাল্টা হামলায় ২০০-র বেশি তালেবান ও সংশ্লিষ্ট যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।

অন্যদিকে, আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তানের বিমান হামলার ‘প্রতিশোধ’ হিসেবেই তারা সীমান্তে হামলা চালিয়েছে। ইসলামাবাদ অবশ্য সরাসরি বিমান হামলার দায় স্বীকার করেনি। তবে বলেছে, পাকিস্তান নিজের প্রতিরক্ষার অধিকার ও সক্ষমতা রাখে।

সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে সন্ত্রাসী হামলা বাড়ায় দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতির দিকে গেছে। ইসলামাবাদ বারবার অভিযোগ করে আসছে যে, আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো হচ্ছে, যদিও কাবুল তা অস্বীকার করে আসছে।

সোমবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলে, এ মুহূর্তে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে কোনও সম্পর্ক নেই। পরিস্থিতি স্থবির। সরাসরি যুদ্ধ না থাকলেও পরিবেশটি শত্রুতাপূর্ণ। যেকোনও সময় আবার সংঘর্ষ শুরু হতে পারে।

সূত্র: পিটিভি নিউজ, ডন

 

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin