‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি দিয়ে সাতরাস্তা মোড় ছাড়লেন কারিগরির শিক্ষার্থীরা

‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি দিয়ে সাতরাস্তা মোড় ছাড়লেন কারিগরির শিক্ষার্থীরা

‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি ঘোষণা করে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় ছেড়েছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ের অবস্থান কর্মসূচি শেষ করেন। তাঁরা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে চলে যান। তবে তাঁরা বলেন, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম সাংবাদিকদের বলেন, আজ সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করছেন। আগামীকাল বৃহস্পতিবার তাঁরা ‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি পালন করবেন। এর মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা দাবির কবর রচনা করা হবে। প্রয়োজনে সারা দেশে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাক দেওয়া হবে। অসহযোগ আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হবে।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেন, প্রকৌশলী আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী অযৌক্তিক তিন দফা দাবির নামে মব সৃষ্টি করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার করছে। এমনকি প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে।

কারিগরি শিক্ষার্থীদের পক্ষে হাবিবুর রহমান চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

চার দফা দাবিতে আজ বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোয় সৃষ্টি হয় তীব্র যানজট। যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকেরা। বেলা দুইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি পালন করেন। আড়াইটার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin