কালকিনিতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৫

কালকিনিতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৫

মাদারীপুর জেলার কালকিনিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ-সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কালকিনি উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজা তার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা চত্বরে আসেন কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে। এসময় হঠাৎ করেই তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হামলায় অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সবুজসহ আহত হয় অন্তত ১৫ জন।

পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনার পর উপজেলা চত্বরে থমথমে অবস্থা বিরাজ করছে। এ কারণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

একটি সূত্র জানিয়েছে, দুপুরে রেজাউল করিম রেজা তার কর্মী-সমর্থক নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন। ওই স্থানে কর্মী সমর্থকদের নিয়ে জড়ো থাকা অবস্থায় একই সংসদীয় আসনের বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান তালুকদারের সমর্থকদের সঙ্গে বাগ-বিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। তবে এ বিষয়ে কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাইলাউ মারমা জানান, 'সমাবেশে হামলার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin