বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনের তদন্ত প্রতিবেদন শিগগিরি প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান। তদন্ত শেষে শিগগির সরকার প্রতবেদন প্রকাশ করবে।’
তিনি বলেন, ‘তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই তারা দেশে ফিরে গেলেন। আগামী দু-তিন দিনের মধ্য তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।’
উপদেষ্টা বলেন, ‘তাদের (তার্কিশ বিশেষজ্ঞ দল) প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শিগগির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।’
বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে উল্লেখ করে দ্রুতই কার্যক্রম স্বাভাবিক হবে বলে তিনি জানান।