কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, চালকের সহকারী নিহত, আহত ৯

কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, চালকের সহকারী নিহত, আহত ৯

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে রাখা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এ সময় বাসটির চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। আজ রোববার ভোর ছয়টায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মুরাদ (২৫)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ের মুসলিম পাড়ার জামাল হোসেনের ছেলে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত ব্যক্তিরা সবাই ঢাকায় একটি বেসরকারি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে দুজনের অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন—চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার সাইদুল ইসলাম (২৮), নোয়াখালীর সোনাইমুড়ীর কম্বলনগরের আবদুল মোমেন (৪৮), লক্ষ্মীপুরের নন্দনপুর এলাকার নুর আলম (৪৩), পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ার সোহেল রানা (৩৮), সিরাজগঞ্জের কামারখন্দ ইউনিয়নের আবদুল কাদের (৩৪) ও মিজানুর রহমান (৫০), দিনাজপুর সদরের সোহেল রানা (৩৫), শরীয়তপুরের ভেদরগঞ্জের রিপন মণ্ডল (৩৪) এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার রবিউল হোসেন (৩৬)।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাসটি সৌদিয়া পরিবহনের। এটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। ভোরে মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় সড়কের পাশে থামিয়ে রাখা একটি কাভার্ড ভ্যানকে বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই বাসটির চালকের সহকারী নিহত হন।

আহত যাত্রীদের একজন সোহেল রানা প্রথম আলোকে বলেন, ‘আমরা ১৯ জন মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে গাড়িতে ঘুমিয়ে পড়ি। ভোরে হঠাৎ বিকট শব্দ ও ধাক্কায় ঘুম ভাঙে। তখন বাসের সবাই চিৎকার করছিল। অনেকে জানালা ভেঙে বের হয়েছে। আটকে পড়াদের ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফাহিম ফেরদৌস বলেন, আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin