রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের একমাত্র আবাসিক হল শহীদ শামসুল আলম ছাত্রাবাসে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে একটি আধুনিক পানির ফিল্টার স্থাপন করেছে ছাত্রশিবির।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই ফিল্টার স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক বায়জিদ মাহমুদ, কবি নজরুল কলেজ ছাত্র শিবিরের সভাপতি হাসিব বিন হাসান, সেক্রেটারি আরিফুর রহমান প্রমুখ।
এ বিষয়ে কবি নজরুল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইসলামিক ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছিলাম। আমাদের ছোট্ট একটা পানির ফিল্টার থাকলেও তার অবস্থা খারাপ, প্রায় সব সময় নষ্ট থাকে। ছাত্রশিবিরের উদ্যোগে আজ একটি পানির ফিল্টার স্থাপন করা হলো। তাদের এমন কাজকে আমরা সাধুবাদ জানাই।’
এই শিক্ষার্থী আরও বলেন, ‘এই হলের প্রতি বরাবরের মতোই কলেজ প্রশাসনের উদাসীনতা আছে। ক্যাম্পাসের সব রাজনৈতিক দল যদি প্রতিনিয়ত এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নেয় তাহলে আমাদের হলের এবং ক্যাম্পাসের আর কোনও সমস্যা থাকবে না।’
পানির ফিল্টার স্থাপনের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান বলেন, ‘আমাদের একমাত্র হলে দীর্ঘদিন ধরেই নিরাপদ ও সুপেয় পানির অভাব ছিল। শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিশুদ্ধ পানির অভাবে অসুস্থতায় ভুগছিলেন। এই বিষয়গুলো চিন্তা করে ইসলামী ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার পক্ষ থেকে আমরা একটি নিরাপদ পানির ফিল্টার স্থাপনের উদ্যোগ নিই।’
তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কল্যাণে হল ও ক্যাম্পাস-কেন্দ্রিক আরও বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছি। ক্যাম্পাস খোলার পর এগুলো আস্তে আস্তে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’