কবরস্থানে বাক্সবন্দী নবজাতক দিয়ে গেলেন যুবক, দাফনের আগে জানা গেল জীবিত

কবরস্থানে বাক্সবন্দী নবজাতক দিয়ে গেলেন যুবক, দাফনের আগে জানা গেল জীবিত

চাঁদপুর পৌর কবরস্থান থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই নবজাতককে বাক্সবন্দী করে এক যুবক দাফনের জন্য কবরস্থানে দিয়ে যান বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নবজাতকটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।

পৌর কবরস্থানের দায়িত্বে থাকা শাহাজাহান মিয়াজী জানান, আজ জোহরের নামাজ শেষে তাঁর কক্ষের সামনে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাচ্চাটিকে মৃত বলে বাক্সবন্দী অবস্থায় দাফনের জন্য রেখে যান। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। গায়ের রং কালো। পড়নে একটি চেক শার্ট ছিল। পরে তাঁরা বাচ্চাটিকে দাফনের জন্য কবরস্থানের ভেতরে নিয়ে যান। সেখানে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া শিশুটি জীবিত রয়েছে। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় শিশুটিকে চাঁদপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুরের ফেমাস স্পেশালাইজড হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির ওজন ৮০০ গ্রাম। সেখানে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) শিশুটিকে রাখা হয়েছে। শিশুটির সুস্থতার জন্য চিকিৎসা চলছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইউনুস উল্যা বলেন, তাৎক্ষণিকভাবে শিশুটিকে তাঁদের হাসপাতালে আনা হয়। এই হাসপাতাল ছাড়া নবজাতকের চিকিৎসার ব্যবস্থা নেই। বিষয়টি তাঁরা পুলিশকে জানিয়েছেন।

এদিকে এই খবর ছড়িয়ে পড়লে শিশুটির দায়িত্ব নেওয়ার জন্য অনেকেই ওই হাসপাতালে ছুটে আসেন। তবে বর্তমানে শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জি এম শাহীন নামের এক ব্যক্তি। তিনি বলেন, যাঁদের বাচ্চা নেই এ রকম বেশ কিছু পরিবার শিশুটিকে নেওয়ার জন্য হাসপাতালে এসে ভিড় করে আছেন।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin