রাজধানীর কদমতলীর হাজী লালমিয়া সর্দার রোড মুরাদপুরে রাস্তার ওপর থেকে বস্তাবন্দি অবস্থায় রোকসানা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে হাজী মিচির আলীর বাড়ির দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুন্নাহার এ তথ্য জানান।
রোকসানা পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা। পুলিশ জানায়, অজ্ঞাত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানা যায়।
এসআই কামরুন্নাহার বলেন, মরদেহটির মুখমণ্ডলে হালকা পচন ধরেছে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।
পুলিশের আরেক কর্মকর্তা জানান, সকালে ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।