কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে কার্ডধারীদের রাস্তা অবরোধ

কেশবপুরে টিসিবির পণ্য না পেয়ে কার্ডধারীদের রাস্তা অবরোধ

যশোরের কেশবপুর উপজেলায় নির্ধারিত দিনে টিসিবির পণ্য না পেয়ে যশোর–সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কার্ডধারীরা। আজ বৃহস্পতিবার বেলা দুইটা থেকে উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচির কারণে প্রায় পৌনে এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগ পোহান যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা।

কেশবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের অধীনে ১ হাজার ৮০০ কার্ডধারীকে আজ টিসিবির পণ্য দেওয়ার নির্ধারিত দিন ছিল। এ জন্য তিনটি স্থান নির্ধারণ করে মাইকিং করে জানানো হয়। এর মধ্যে কেশবপুর পৌরসভার ১, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কার্ডধারীদের জন্য শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় হাফিজ এন্টারপ্রাইজের মাধ্যমে আজ সকাল থেকে পণ্য দেওয়া হচ্ছিল। সেখানে কার্ডধারীরা ভোর থেকেই পণ্য নেওয়ার জন্য লাইন দেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা একটার দিকে হঠাৎ পণ্য দেওয়া বন্ধ করেন পরিবেশক (ডিলার) আবদুল বারিক। তিনি কার্ডধারীদের জানান, ঘাটতি থাকায় আপাতত আর পণ্য দিতে পারবেন না। এ সময় জনরোষের কবলে পড়েন তিনি। পরে তিনি ওই এলাকা ছেড়ে পালিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ কার্ডধারীরা যশোর–সাতক্ষীরা সড়ক অবরোধ করে রাখেন। কার্ডধারীদের অভিযোগ, তাঁদের পণ্য না দিয়ে বাইরে এসব পণ্য বিক্রি করেছেন ডিলার।

পরে কেশবপুরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ নেওয়াজ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের আশ্বস্ত করেন। তাঁর আশ্বাস পেয়ে সড়কটি ছেড়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় শরিফ নেওয়াজ বলেন, পণ্য কম থাকায় সবাইকে দেওয়া যায়নি। তবে পরবর্তী সময় সবাইকে পণ্য দেওয়া হবে। তাঁর আশ্বাসে ভুক্তভোগীরা রাস্তা অবরোধ তুলে নেন।

এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন জানান, ওই ডিলার ৬০৫টি কার্ডের পণ্য পেয়েছিলেন। এ কারণে অনেকেই পণ্য পাননি। দুই থেকে তিন দিনের মধ্যে সবাইকে পণ্য দেওয়া হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin