খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার।
মঙ্গলবার (২১ অক্টোবর) পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার তার সঙ্গে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানান। সাক্ষাৎকালে পাকিস্তান থেকে চাল আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পূর্বে পাকিস্তানি পণ্য তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আমদানি হতো, যা সময় ও খরচ দুই বাড়িয়ে দিতো।”
পাকিস্তানের হাইকমিশনার উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং ভ্রাতপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণসহ উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের পলিটিক্যাল কাউন্সেলর কামরান ডঙ্গল, খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।