খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সদস্যদের গুলি বিনিময়, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সদস্যদের গুলি বিনিময়, অস্ত্র উদ্ধার

ঢাকা: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় পাহাড়ি সশস্ত্র দলের বিরুদ্ধে সেনাবাহিনী দীর্ঘমেয়াদি অভিযান পরিচালনা করছে।  

অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টহল দল ওই এলাকার ইউপিডিএফ (মূল) দলের এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়।

সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, গুলি বিনিময়ের পর তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে আট রাউন্ড গুলিসহ একটি রাশিয়ান পিস্তল, দুটি ম্যাগাজিন, ২০০ রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট ও ইউনিফর্মসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কিন্তু এলাকার দুর্গমতার কারণে ইউপিডিএফের (মূল) সশস্ত্র দলটি পালিয়ে যেতে সক্ষম হয়।  

এ ঘটনায় জড়িত সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় আইএসপিআর।  

পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এজেডএস/এইচএ/

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin