কিশোরগঞ্জ সদরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

কিশোরগঞ্জ সদরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, উপজেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতাভুক্ত থাকবে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফ।

অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাজমুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ওবায়দুল্লাহ খান এবং কমিটির সদস্য ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউএনও মো. কামরুল হাসান মারুফ বলেন, মুঠোফোনের ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর রাখতে উপজেলা প্রশাসন তদারকি টিম তৈরিসহ নিয়মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবে। এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবকদেরও সচেতন হতে হবে।

মুঠোফোনের আসক্তি দূর করে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও কামরুল হাসান।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin