কিশোরগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত

কিশোরগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত

কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (২০) নামের একজন নিহত হয়েছেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, দীর্ঘদিন ধরে ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামের দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। আজ সকালে শ্যালোমেশিন চুরির অভিযোগে দুইপক্ষের বাকবিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষের দেশি অস্ত্রের আঘাতে মোশারফ হোসেন গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহত মোশাররফের আত্মীয়-স্বজন তাকে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সারোয়ার হোসেন রনি বলেন, ‘সকালে ইটনা থেকে আহত মোশাররফ হোসেনকে তার আত্মীয়-স্বজন হাসপাতালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক আমরা ঘটনাটি পুলিশকে অবহিত করেছি।’

ওসি আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিত স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদেহ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin