ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল ঘরোয়া তথা বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংসের হয়ে আজ প্রথম খেলতে নামলেন। এই মিডফিল্ডারের অভিষেক ম্যাচেই জয় পেয়েছে কিংস। বাংলাদেশ ফুটবল লিগে তপুরা ২-১ গোলে ফর্টিসকে হারিয়েছে। আগের ম্যাচে পিডাব্লিউডি স্পোর্টস ক্লাবের সঙ্গে ড্র করে লিগ শুরু করেছিল তারা।
এই জয়ে ফর্টিসকে হারানোর উচ্ছ্বাস নিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শুরু করতে যাচ্ছে কিং। কাল সকালে ঢাকা ছাড়তে যাচ্ছে দলটি। আগামী ২৫ অক্টোবর আল-সাইবের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব শুরু করবে। ‘বি’ গ্রুপে ২৮ অক্টোবর আল-আনসার ও ৩১ অক্টোবর আল-কুয়েতের মুখোমুখি হবে তারা।
সোমবার কিংস অ্যারেনায় প্রথম মিনিটের আক্রমণ থেকেই গোল তুলে নেয় কিংস। রাফায়েল আগুস্তোর লম্বা ক্রসে বক্সে ফাঁকায় থাকা ব্রাজিলিয়ান দোরিয়েলতন গোমেজ নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন। ফর্টিসের নেপালি গোলকিপার সুজান পেরেইরা কিছুই বুঝে উঠতে পারেননি।
২০ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের দূরপাল্লার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। এর ৯ মিনিট পর অস্বস্তি বোধ করা রাকিব হোসেনকে তুলে মজিবুর রহমান জনিকে নামান কিংস কোচ।
কিংস দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে ফর্টিসের রক্ষণে চাপ দিতে থাকে। ৫২ মিনিটে রাফায়েলের পাস ধরে বাম প্রান্ত দিয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ক্রস বাড়ান ফাহিম। গোলমুখ থেকে দোরিয়েলতনের শট আটকান সুজান।
৬০ মিনিটে ফাহিমের শট অবশ্য আটকাতে পারেননি সুজান। জনির পাসের দোরিয়েলতন টোকা দিলে চলে যায় পেছনে থাকা ফাহিমের কাছে। ফাঁকায় থাকা ফাহিম ডান পায়ের শটে খুঁজে নেন জাল।
ইমানুয়েল সানডে ও কিউবা মিচেলকে ৭১ মিনিটে নামান কিংস কোচ মারিও গোমেজ। এ ম্যাচ দিয়েই অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী মিচেলের। অবশ্য কিংসের জার্সিতে এএফসি চ্যালেঞ্জ লিগে আগেই অভিষেক হয়েছে তার।
ঘরের মাঠে লিগ অভিষেকে মিচেল গোল পেতে পারতেন শুরুতেই। ৭৯ মিনিটে দোরিয়েলতনের বাড়ানো বলে বক্সের একটু সামনে থেকে সরাসরি শট নেন তিনি। দারুণ ক্ষীপ্রতায় কর্নারের বিনিময়ে বল ক্লিয়ার করেন সুজান।
৮৭ মিনিটে গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন দোরিয়েলতন। তবে এই ব্রাজিলিয়ান চিপ শট নেওয়ার আগেই ছুটে এসে স্লাইড করে পথ আগলে দেন সুজান।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফর্টিস অনিকাচি ওকাফোরের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি।এই মাঠেই কিংসের বিপক্ষে চার ম্যাচ অপরাজিত ছিল ফর্টিস। আজ জয়ের ধারায় ফিরেছে দলটি।