কলেজের হোস্টেলে ঝুলছিল ভারতীয় শিক্ষার্থীর লাশ 

কলেজের হোস্টেলে ঝুলছিল ভারতীয় শিক্ষার্থীর লাশ 

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের হোস্টেল থেকে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নিদা খান (১৯)।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার দিনগত মধ্য রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজের এজিএম সিদ্দিকুর রহমান জানান, নিদা খান ভারতের রাজস্থানের নাগরিক। মেডিকেল কলেজটির এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী তিনি। তার বাবার নাম আ. আজিজ খান।

তিনি আরও জানান, দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় তাদের ক্যাম্পাস। সেখানে ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তার রুমমেটরাও ভারতীয় নাগরিক। শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে একসঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর রুমে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তার পাশের রুমের শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। পরে রাত ২টার দিকে হোস্টেল সুপারসহ কলেজ কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে তার রুমের দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলছেন তিনি। তখন সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ছরোয়ার হোসেন জানান, মধ্যরাতে খবর পেয়ে কলেজটির ফরেন হোস্টেল থেকে ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। তখন সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত একটি পরীক্ষায় নিদা খান নকল করার অভিযোগে এক্সপেল হন। এটি নিয়ে সারাদিন হতাশায় ছিলেন। যার কারণে তিনি রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে অন্য কোনো ঘটনা বা কারণ আছে কি না তা বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

এজেডএস/আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin