কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে করা মামলায় অব্যাহতি পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। আজ মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আবদুর রহমান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নগরের চকবাজার থানার চাঁদাবাজির মামলায় শাহাদাত হোসেনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর দিন ধার্য ছিল মঙ্গলবার। আসামিদের আইনজীবীরা তাঁদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলার তিন আসামির মধ্যে শাহাদাত হোসেন ও মোজাফফর আহমেদকে মামলা থেকে অব্যাহতি দেন। ফাতেমা জোহরা নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আগামী ধার্য দিনে সাক্ষ্য শুরু হবে।
শহীদুল ইসলাম আরও বলেন, শাহাদাত হোসেন আরও দুটি রাজনৈতিক মামলায় খালাস পেয়েছেন। নগরের কোতোয়ালি থানার দুটি মামলায় তিনিসহ আসামি ছিলেন ৩৮ জন।
আদালত সূত্র জানায়, শাহাদাতসহ তিনজনের বিরুদ্ধে ২০২১ সালের ২৯ মার্চ নগরের চকবাজার থানায় লুসি খান নামের এক চিকিৎসক মামলা করেন। তিনি নগর বিএনপির গত কমিটির মহিলাবিষয়ক সহসম্পাদক ছিলেন। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তিনি দলীয় মনোনয়নও সংগ্রহ করেছিলেন। কিন্তু নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন শাহাদাত। চকবাজার এলাকায় ‘জীবন চিত্র ফাউন্ডেশন’ নামের একটি এনজিও আছে লুসির। এই মামলা হওয়ার পরপর গ্রেপ্তার করা হয় শাহাদাত হোসেনকে।
মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ২০ মার্চ বাদীর এনজিও প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের সচিব মহিউদ্দিন আহমদকে কৌশলে ডেকে নিয়ে অপহরণ করা হয়। মুক্তিপণ বাবদ এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। এর আগে সিটি করপোরেশন নির্বাচনের জন্য বাদীর কাছে টাকা চান শাহাদাত। টাকা না দেওয়ায় বাদীর কাছ থেকে চারটি খালি চেকও নেওয়া হয়। তবে মেয়র নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বাদী মিথ্যা এসব অভিযোগ করেছেন দাবি মেয়র শাহাদাতের।