কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত একজনের মৃত্যু

কর্ণফুলী টানেলে বাস উল্টে আহত একজনের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলে বাস উল্টে আহত ব্যক্তিদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফয়সাল (৪২)। তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন ডুরিয়াপাড়া ভাঙ্গারবাড়ি এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। গতকাল শনিবার বেলা দুইটার দিকে টানেলে বাস উল্টে তিনি আহত হন।

নিহত ব্যক্তির পরিবার ও টানেলসংশ্লিষ্ট সূত্র জানায়, ফয়সাল পরিবারের ছয় সদস্য ও স্বজনদের নিয়ে একটি বাসে করে পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলার পারকি সৈকতসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাসটি টানেলের ভেতর প্রবেশের পর অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ফয়সাল ও তাঁর স্ত্রী রানু আকতার (৩১) এবং মো. ফারুক (৫৩) নামে এক স্বজন গুরুতর আহত হন। পরে রোববার ভোরে হাসপাতালে ফয়সালের মৃত্যু হয়। তাঁর আট বছর ও চার বছর বয়সী দুটি সন্তান আছে।

নিহত ফয়সালের চাচি ইয়াসমিন আকতার সকালে মুঠোফোনে বলেন, ‘ফয়সালের স্ত্রীও একই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই ফয়সালের মৃত্যুর খবর তাঁকে জানানো হয়নি।’ নিহতের ভাই মো. বেলাল প্রথম আলোকে বলেন, আজ দুপুরে ফয়সালের লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

দুর্ঘটনাকবলিত গাড়িটি গতকাল জব্দ করা হয়েছে বলে জানান পতেঙ্গা থানার পুলিশ পরিদর্শক ফরিদুল আলম। তিনি বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার মামলা করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধনের পর টানেলের ভেতরে-বাইরে ১২টি দুর্ঘটনা ঘটেছে এবং এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর টানেল রোডে বাসচাপায় নিহত হন মাইক্রোবাসের চালক মোহাম্মদ সোহেল (৪০)।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin