ক্ষেতলালে দুর্গাপূজা মণ্ডপে ডিউটিরত অবস্থায় আনসার কমান্ডারের মৃত্যু

ক্ষেতলালে দুর্গাপূজা মণ্ডপে ডিউটিরত অবস্থায় আনসার কমান্ডারের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আনসার ভিডিপির সাবেক কমান্ডার শারদীয় দূর্গাপুজা মণ্ডপে ডিউটিরত অবস্থায় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন।

নিহত আবুল কালাম আজাদ (৬৫) পৌরসভার ইটাখোলা মহল্লার আব্দুল কাদেরের ছেলে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, আবুল কালাম মন্ডল ক্ষেতলাল পৌরসভার ৮নং ওয়ার্ডের আনসার ভিডিপির দল নেতা ছিলেন। কিছুদিন আগে তিনি চাকরি থেকে অবসর নেন। তবে এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি খলিশাগাড়ী পূজা মণ্ডপে এপিসির দায়িত্ব পালন করছিলেন।  

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কেন্দ্রীয় কালী মন্দির এলাকায় দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ক্ষেতলাল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, তিনি অবসরপ্রাপ্ত ছিলেন। তবে কয়েকদিন আগে আমার কাছে এসে অনুরোধ করেন, যেন শেষবারের মতো পূজায় ডিউটির সুযোগ দেওয়া হয়। তার ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে আমরা দায়িত্বে রাখি। দুঃখজনকভাবে ডিউটিরত অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin