কত টাকার নায়ক ছিলেন সালমান শাহ

কত টাকার নায়ক ছিলেন সালমান শাহ

কত টাকার নায়ক ছিলেন সালমান শাহ? এমন একটা প্রশ্ন করা হয়তো বোকামি। টাকার মূল্যে সালমানের মেধা, জনপ্রিয়তা এবং মৃত্যুর এত বছর পরও কিংবদন্তি হয়ে তার অমরত্ব পাওয়ার মর্যাদা পরিমাপ করা অবান্তর। তবুও কালজয়ী এই নায়কের সবকিছু নিয়ে কৌতুহল রয়েছে ভক্ত-অনুরাগীদের। অনেকে জানতে চান, সিনেমার বাজারে কেমন চাহিদা ছিল সালমান শাহের? কত টাকা পারিশ্রমিক পেতেন তিনি। আজ সালমান শাহের জন্মদিন। এদিনে সেই গল্পটাই জানাবো।

ঢাকাই ছবিতে সালমান শাহ এসেছিলেন ধূমকেতুর মতো। যেন তিনি এলেন, দেখলেন, জয় করলেন। ক্যারিয়ারের মাত্র চার বছরেই নিভে গেল সেই উজ্জ্বল নক্ষত্র। কিন্তু আজও থামেনি তার আলো। আজও সালমান শাহ বাংলা ছবির দর্শকের হৃদয়ে আবেগের নাম, স্বপ্নের রাজকুমারের মতো জায়গা করে আছেন।

১৯৯২ সালের আগস্টে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে চুক্তিবদ্ধ হন সালমান শাহ। তার পরের বছর ১০ মার্চ মুক্তি পাওয়া এই ছবিটি বদলে দিয়েছিল তার জীবন। তিনি হয়ে উঠেছিলেন সারা বাংলার ক্রেজ, হার্টথ্রব নায়ক। সেইসঙ্গে সবচেয়ে দামি নায়কও হয়ে উঠেছিলেন তিনি।

প্রথম সিনেমায় সালমান শাহ পারিশ্রমিক পেয়েছিলেন ২৫ হাজার টাকা। এই তথ্য নিশ্চিত করেছেন সালমানের সাবেক স্ত্রী সামিরা। জাগো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‌‘প্রথম ছবিতে মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ চুক্তিবদ্ধ হয়েছিল ইমন। ছবিটি মুক্তি পেলে আকাশ ছোঁয়া সাফল্য পায়। জনপ্রিয় হয়ে যায় সালমান-মৌসুমী জুটি। এরপর তার চাহিদা অনুযায়ী পারিশ্রমিক বাড়তে থাকে।’

সামিরা জানান, ‘তুমি আমার’ ছবির জন্য প্রথমবারের মতো ১ লাখ টাকা নিয়েছিলেন সালমান শাহ। সেই সময় এটা বেশ মোটা অংকের পারিশ্রমিক ছিল। পরবর্তীতে ‘দেনমোহর’ সিনেমায় দেড় লাখ টাকা এবং সর্বশেষ ছটকু আহমেদের ‘বুকের ভিতর আগুন’ সিনেমার জন্য ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সালমান শাহ।

সামিরা আরও বলেন, ‘১০ লাখ টাকা পারিশ্রমিকের মাধ্যমে ইমন হয়ে উঠেছিল ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি নায়ক। আরও বেশ কিছু ছবির জন্য পারিশ্রমিক আরও বাড়ানোর পরিকল্পনা ছিলো তার। কারণ তখন ওর কাছে অনেক সিনেমা আসছিল।’

কিন্তু হঠাৎ সব কিছু থেমে গেল ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, অভিশপ্ত সেই দিনে। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান সবার প্রিয় সালমান শাহ। থেকে যায় তার কালজয়ী সব কাজ। সেইসঙ্গে তার অকাল মৃত্যুর রহস্যটাও।

এলআইএ/জিকেএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin